স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গাদের হাতে বাংলাদেশের এনআইডি পৌঁছার বিষয়টি দুশ্চিন্তার। তবে এ ঘটনা যেন আর না ঘটে সেজন্য সরকার সতর্ক রয়েছে। গতকাল রবিবার সচিবালয়ে সড়ক দুর্ঘটনা রোধে গঠিত টাস্ক ফোর্স কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু ঘটনা যে ঘটেনি তা আমরা অস্বীকার করছি না। তবে আর যেন না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, রোহিঙ্গাদের জন্য নির্ধারিত যে ক্যাম্প রয়েছে সেখান থেকে তারা বের হতে পারবেন না। তাদের প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরো কঠোর হবে। রোহিঙ্গাদের হাতে যেন আর পাসপোর্ট কিংবা ন্যাশনাল আইডি না যায় সেটা আমরা দেখছি।
