বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের আত্মজীবনীমূলক বইয়ের প্রথম পর্ব ‘এক জীবন : স্বাধীনতার সূর্যোদয়’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ‘বাতিঘর’। গতকাল রবিবার রাজধানীর হাতিরপুলের হামিদ প্লাজায় নিউএজ পত্রিকার অফিসে লেখককে বইটির প্রথম কপি তুলে দেন বাতিঘরের প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আহমদ রাশেদ। এ সময় উপস্থিত ছিলেন নিউএজ পত্রিকার প্রকাশক শহীদুল্লাহ খান বাদল, বাতিঘরের অপারেশন ম্যানেজার তারেক আব্দুর রব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও মনোয়ার হোসেন। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মাসুক হেলাল।
ষাটের দশক থেকে শুরু করে ১৯৭২ সালের ১১ জানুয়ারি পর্যন্ত লেখকের অভিজ্ঞতার বর্ণনা রয়েছে বইটিতে। বাষট্টির শিক্ষা আন্দোলন, আয়ুববিরোধী আন্দোলন, ৬৬র ৬ দফা, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক রাজনৈতিক ঘটনাবলিতে লেখকের অংশগ্রহণের গল্পই বইয়ের মূল প্রতিপাদ্য।
সিরাজুল হকের ইন্তেকালে শোক
ওয়ার্কার্স পাটির্র চুয়াডাঙ্গা জেলা শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য সিরাজুল হক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিন স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা কলেজের ছাত্রমৈত্রী নেতা হিসেবে বিপুল ভোটে ভিপি নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা গভীর শোক জানিয়েছেন।
