পদ্মা সেতুর রেলপথের শতভাগ স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টার দিকে পদ্মা সেতুর ২৯৫৮ ও ২৯৫৯ নম্বর দুটি রেলওয়ে স্ল্যাব বসানোর মাধ্যমে সম্পন্ন হলো সেতুর নিচতলার সব স্ল্যাব বসানোর কাজ। রেলওয়ে স্ল্যাব বসানোর মাধ্যমে পদ্মা সেতুর নিচতলার মূল কাজ শেষ হয়েছে। এখন রেলওয়ে স্ল্যাবগুলোর ওপর রেললাইন বসানো হবে। স্ল্যাব বসানোর পর সেতু কর্তৃপক্ষ রেল কর্তৃপক্ষের কাছে রেললাইন স্থাপনের জন্য কাজ বুঝিয়ে দেবে বলে জানান দায়িত্বরত প্রকৌশলীরা। ইতিমধ্যে সেতুতে রেল চলাচলের জন্য লাইন নির্মাণের যন্ত্রাংশ সেতু এড়িয়ায় আনা হয়েছে। নিচতলার স্ল্যাবের পাশেই গ্যাসলাইন বসানোর কাজ চলছে। এর আগে ১০ জুন রেলওয়ে স্টেনজার বা গার্ডার বসানোর কাজ শতভাগ শেষ হয়।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, পদ্মা সেতুর পিয়ার, স্পেন, নিচের অংশে রেলওয়ে স্টেনজার, রেলওয়ে স্ল্যাব ধাপে ধাপে বসানোর কাজ শেষ এখন ওপরতলায় রোডওয়েতে টার্গেট মাফিক কাজ চলছে। ২২৮টি রোডওয়ে স্ল্যাব বসানো বাকি, তবে বসানো স্ল্যাবের ওপর পিচ ঢালাইয়ের কাজ, র্যালিং প্যারাপেট ওয়ালসহ অন্যান্য কাজ চলছে।
