রাজধানীর বংশালের আগামসি লেনের একটি নির্মাণাধীন ভবন থেকে গতকাল রবিবার হাত-পা ও গলায় রশি পেঁচানো ইমন (১৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ইমন পুরান ঢাকার আহমেদ বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। ধারণা করা হচ্ছে, ঐ শিশুকে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা পিটিয়ে হত্যা করেছে।
ইমনের মামাতো ভাই মো. শাহীন জানান, বংশালের ৫৯/১ নম্বর আগামসি লেনের ৩য় তলায় ইমনের পরিবার ভাড়া থাকে। তার বাবা বাবুল হোসেন বঙ্গবাজারে একটি দোকানে কাজ করেন। এক ভাই, দুই বোনের মধ্যে সবার ছোট ইমন। গত শনিবার সন্ধ্যায় ইমন বঙ্গবাজারে তার বাবার দোকানে খাবার দিতে যায়। সেখান থেকে ফেরার পথে সে নিখোঁজ হয়। শাহীন আরো জানান, রাত সাড়ে ৮টার দিকে একটি অচেনা নম্বর থেকে তার বাবা বাবুলের মোবাইলে কল করে জানানো হয়—ইমন একজনের মাথা ফাটিয়ে ফেলেছে। আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের কাছে টাকা পাঠাতে হবে। তখন ইমন কোথায় আছে জানতে চাইলে তারা জানায়, ইমন বাসায় চলে গেছে। এরপর ইমনের বাবা বাসায় ফোন করে খবর নিয়ে জানতে পারেন ইমন বাসায় যায়নি। পরে আবার ঐ নম্বরে কল করলে তারা জানায়, ইমন ও আহত ব্যক্তিকে নিয়ে তারা হাসপাতাল আছে। তখনো দ্রুত টাকা পাঠাতে বলে তারা। এরপর থেকেই তাদের ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। শনিবার রাতেই বংশাল থানায় সাধারণ ডায়ারি করে তার পরিবার।
বংশাল থানার ওসি আবুল খায়ের জানান, লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। কারা ইমনকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। বংশাল থানার এক কর্মকর্তার জানান, প্রাথমিক তদন্তে পুলিশ যতটুকু জেনেছে তা হলো, স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে পিটিয়ে হত্যা করেছে।
