সাভারে কাপড় বিক্রেতা এক নারীকে ধর্ষণের অভিযোগে সৌদি প্রবাসী যুবক মোহাম্মদ আলীকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে গ্রেফতারকৃত প্রবাসী যুবককে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের পাঁচগাছি গ্রাম থেকে অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ঐ নারী সাভার মডেল থানায় মামলা করেছেন।
আমিনবাজার ফাঁড়ি ইনচার্জ সবুর খান জানান, আমিনবাজার ইউনিয়নের এক বাড়িতে ভাড়া থেকে বিভিন্ন বাড়ি গিয়ে ও অনলাইনে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন ঐ নারী (২৮) । সৌদি প্রবাসী ঐ নারীর পূর্ব পরিচিত হওয়ায় শনিবার দুপুরে তার বাসায় যান। এসময় বাড়িতে একা পেয়ে ঐ নারীকে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় প্রবাসী মোহাম্মদ আলী। সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, ভুক্তভোগী ঐ নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
