কোপা আমেরিকায় ভেনিজুয়েলার শেষ মুহূর্তের গোলে আটকে গেলো ইকুয়েডর। সোমবার ভোরের ম্যাচে অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শেষ মুহূর্তে গোল করে ইকুয়েডরের জয়ের স্বপ্নে আটকে দিলেন ভেনেজুয়েলার রোনাল্ড হার্নান্ডেজ। ২-২ গোলে ড্র হয় ম্যাচটি।
ম্যাচের প্রথম থেকেই আক্রমণ করতে শুরু করেছিলো ইকুয়েডর। ৪ মিনিটের মাথাতেই প্রথম গোলের মুখ খোলার চেষ্টা করেন গুস্তাভো আলফারোর ছেলেরা। এরপর ৩৯ মিনিটে প্রথমে গোল পায় ইকুয়েডর। ম্যাচের প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থাকে তারা।

এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই সমতায় ফেরে ভেনেজুয়েলা। ডান দিক থেকে ভেসে আসা ক্রসে দুরন্ত হেড দিয়ে দলকে সমতায় ফেরান ভেনেজুয়েলার এডসন কাস্টিলো। ৭১ মিনিটের মাথায় ফের একবার এগিয়ে গিয়েছিল ইকুয়েডর। এবার গোল করেন ইকুয়েডরের গোঞ্জালো প্লাতা।
৭৮ মিনিটে ফের ব্যবধান বাড়ানোর সুয়োগ এসেছিল ইকুয়েডরের কাছে কিন্তু ব্যর্থ হন ইকুয়েডরের স্ট্রাইকার ভ্যালেনসিয়া। যখন সকলেই ধরে নিয়েছেন কোপা আমেরিকার গ্রুপ ‘এ’ ম্যাচে প্রথম জয়টা পেয়ে গেছে ইকুয়েডর। তখনই জ্বলে ওঠে ভেনেজুয়েলা। এরপরই ম্যাচ গড়ায অতিরিক্ত সময়ে। ম্যাচের অতিরিক্ত সময়ে কাস্টিলোর বাড়ানো বলে হেড দিয়ে দলকে সমতায় ফেরান রোনাল্ড হার্নান্ডেজ। খেলার শেষ হয় ২-২। পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল ইকুয়েডর ও ভেনেজুয়েলা।
ইত্তেফাক/টিআর
