সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দলের স্বাভাবিক অস্তিত্ব থাকে না। বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নেবে কি না সেটা তাদের নিজস্ব ব্যাপার। বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ১৭ জন বিদ্রোহী প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত দুই জন ছিল। একটি বড় দলের জন্য এটা কিছুই না।
গতকাল শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি একদিকে বিদেশি বন্ধু হারিয়েছে, অন্যদিকে আস্থা হারিয়েছে দেশের মানুষের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি দেশে-বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে।
মন্ত্রী জানান, কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে। এ ছাড়া মেঘনা ও গোমতী সেতুর ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী মার্চের যে কোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁচপুর দ্বিতীয় সেতুর উদ্বোধন করবেন। অপর দুটি সেতু আগামী জুন-জুলাই মাসে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে দলের বাইরে গিয়ে যাতে কেউ বিদ্রোহী প্রার্থী হতে না পারে সে ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন কাঁচপুর, মেঘনা ও মেঘনা গোমতী সেতুর প্রকল্প পরিচালক আবু সালেহ মো:নুরুজ্জামান, কাঁচপুর সেতুর ম্যানেজার এডমিন নাসির উদ্দিন আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন প্রমুখ।
