বশেমুরবিপ্রবিতে যৌন হেনস্তা মামলা, ১০ ঘণ্টার মধ্যে চার্জশিট

আপডেট : ২১ জুন ২০২১, ১৮:০৩

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে যৌন হেনস্তা করায় মামলা দায়ের হয়েছে। এদিকে এ মামলা দায়েরের ১০ ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে গোপালগঞ্জ থানা পুলিশ।

সোমবার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গোপালগঞ্জ সদর থানার সবচেয়ে কম সময়ের মধ্যে চার্জশিট দাখিলের প্রথম নজির এটি। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। 

গ্রেফতার হওয়া নির্মাণ শ্রমিক মো. রাজু ইসলাম। 

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আহাদুজ্জামান বলেন, শনিবার (১৯ জুন) রাত ১২টায় মামলা দায়েরের পরেই বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত নির্মাণ শ্রমিক মো. রাজু ইসলামকে (২৫) গ্রেফতার করা হয় এবং রবিবার (২০ জুন) সকাল দশটায় গোপালগঞ্জের আদালতে ওই মামলার অভিযোগপত্র দায়ের করা হয়। মো. রাজু ইসলাম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাজনি ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের স্নাতকোত্তর শ্রেণির এক ছাত্রী তার তিন বান্ধবীকে নিয়ে ক্যাম্পাসে ঘুরতে যান। এসময় ঐ নির্মাণ শ্রমিক তাদের দেখে নগ্ন অবস্থায় কুৎসিত অঙ্গভঙ্গি করে। একপর্যায়ে বখাটে শ্রমিক ওই ছাত্রীর শ্লীলতাহানি ঘটায়। পরে ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, পুলিশের এই তড়িৎ পদক্ষেপ সকলকে আইনি সহায়তা পেতে উৎসাহী করবে। এছাড়া এধরণের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হবে।

ইত্তেফাক/এমএএম