‘মাসিক ভাতার আওতায় আসছেন ১ হাজার ১৭০ জন অসচ্ছল ক্রীড়াবিদ’

আপডেট : ২১ জুন ২০২১, ২০:২৯

২০২০-২০২১ অর্থবছরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে ১ হাজার ১৭০ জন অসচ্ছল ক্রীড়াবিদকে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বছরে খরচ হবে প্রায় দুই কোটি একাশি লক্ষ টাকা।

সোমবার ( ২১ জুন) বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের ১২তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। 

প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেক ক্রীড়াসেবী বা তাদের পরিবারকে মাসিক ভাতা হিসেবে ২,০০০/- টাকা হারে বছরে ২৪,০০০/- টাকা প্রদান করা হবে। স্বাধীনতার পর অসচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের কল্যাণার্থে এ ফাউন্ডেশনটি গড়ে তুলেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার স্মৃতি বিজড়িত এ ফাউন্ডেশনটি সবসময় ক্রীড়াবিদদের পাশে রয়েছে। 

জাহিদ আহসান রাসেলের মতে, ‘আমরা করোনাভাইরাস মহামারী চলাকালে ৫ হাজারেরও বেশি অসচ্ছল ও অসহায় খেলোয়াড়কে আর্থিক সহায়তা প্রদান করেছি। এছাড়াও চলতি অর্থ বছরে ১ হাজার ১৭০ জন অসচ্ছল ক্রীড়াবিদকে মাসিক ক্রীড়া ভাতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা অচিরেই এ অর্থ ক্রীড়াবিদদের হাতে তুলে দিবো।’

সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ হারুনুর রশীদ, বাংলাদেশ জিমনাস্টিক ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ, বিকেএসপির মহাপরিচালকসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসআই