নিউজিল্যান্ডে ১২-১৫ বছর বয়সিদের জন্য ফাইজারের টিকা অনুমোদন

আপডেট : ২১ জুন ২০২১, ২০:৪৫

নিউজিল্যান্ডের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ মেডসেফ সাময়িকভাবে ১২ থেকে ১৫ বছর বয়সিদের জন্য ফাইজারের টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন সোমবার এ ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের

করোনায় বিশ্বের সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি নিউজিল্যান্ড। তাদের এ পদক্ষেপের ফলে দেশটির স্কুলপড়ুয়া শিক্ষার্থীরাও টিকার আওতায় আসবে। এর আগে ৩ ফেব্রুয়ারি দেশটিতে ফাইজারের টিকা ব্যবহারের জন্য প্রথম অনুমতি দেওয়া হয়। সে সময় দেশটিতে ১৬ বছরের বেশি বয়সিদের এ টিকা নেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়। তবে ক্লিনিক্যাল ট্রায়ালে ফাইজারের টিকা ১২-১৫ বছর বয়সিদের মধ্যে সবচেয়ে বেশি, ১০০ ভাগ কার্যকর বলে প্রমাণিত হয়। যদিও শিশুদের জন্য অন্য টিকাগুলো দেওয়ার ক্ষেত্রে তেমন কোনো উত্সাহ দেখা যায়নি। বিশ্ব জুড়ে এখন পর্যন্ত ১৭ কোটি ৯২ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ৮২ হাজার। বেশি মারা গেছে ৪০ বছরের বেশি বয়সিরা। আর সবচেয়ে কম রয়েছে শিশু-কিশোররা।