টিকাদান নীতিতে পরিবর্তন এনে গতকাল থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে বিনা মূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে উঠতে থাকা ভারতে প্রায় তিন মাসের মধ্যে এক দিনে সবচেয়ে কম নতুন রোগী শনাক্ত হয়েছে। সেই সঙ্গে কমেছে মৃত্যু। এ অবস্থায় করোনার টিকাদান নীতিতেও পরিবর্তন এনেছে নরেন্দ্র মোদির সরকার। গতকাল থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে বিনা মূল্যে টিকা দেওয়া হবে সেখানে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, সোমবার সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৩ হাজার ২৫৬ জন রোগী শনাক্ত হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর ৮৮ দিনের মধ্যে এটাই সর্বনিম্ন দৈনিক শনাক্ত বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। একে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভাটার টান শুরু হওয়ার স্পষ্ট ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। নতুন আক্রান্তদের নিয়ে দেশটিতে শনাক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ২২১ জনে। শনাক্ত রোগীর সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে আছে ভারত। একই সময় দেশটিতে আরো ১ হাজার ৪২২ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। এদের নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ১৩৫ জনে দাঁড়িয়েছে। মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে আছে ভারত। খবর রয়টার্স ও এনডিটিভির।
ভারতের বিহার, মহারাষ্ট্রসহ অন্তত ছয়টি রাজ্যে মহামারিতে মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি হিসাবে উঠে আসেনি বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে করোনা ভাইরাসজনিত সব মৃত্যুকে ‘কোভিড মৃত্যু’ হিসেবে নথিবদ্ধ করতে হবে বলে দেশটির সর্বোচ্চ আদালতের কাছে দেওয়া এক হলফনামায় বলেছে কেন্দ্রীয় সরকার। দেশটিতে টানা ৩৯ দিন ধরে সুস্থ হওয়া রোগীর চেয়ে নতুন সংক্রমণ কম পাওয়া যাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ৭৮ হাজার ১৯০ জন রোগমুক্ত হয়েছেন।
