পশুর নদে কার্গো থেকে পড়ে লশকর নিখোঁজ

আপডেট : ২১ জুন ২০২১, ২০:৫২

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

মোংলায় পশুর নদে সোমবার কার্গো জাহাজ থেকে পড়ে জাবের আলী নামের এক লশকর নিখোঁজ হয়েছেন। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে স্থানীয় ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও পুলিশের ডুবরি দল। নিখোঁজ জাবের আলী নড়াইলের চুনখোলা গ্রামের মৃত হাসেম বিশ্বাসের ছেলে।

কার্গো জাহাজ এম,ভি মোকসেদুর-ফেনীর মাস্টার আ. রশিদ জানান, মোংলা বন্দরের বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরিতে পণ্য খালাস শেষে তাদের জাহাজটি ঐ ফ্যাক্টরির সামনেই পশুর নদের বয়ায় বাঁধা ছিল। সোমবার বেলা ১১টার দিকে বয়া থেকে জাহাজটি ছেড়ে দেওয়ার জন্য রশি খুলতে যান লশকর জাবের আলী। তখন পা পেঁচিয়ে গেলে রশির টানে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। তার সন্ধানে পশুর নদের ঐ এলাকায় তল্লাশি চালাচ্ছেন স্থানীয় ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও পুলিশ।

এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, খবর পেয়ে নিখোঁজের সন্ধানে পুলিশের তত্ত্বাবধানে তল্লাশি অভিযান চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কার্গো জাহাজের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি।