আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, একাত্তরের পরাজিত স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতের সঙ্গ ত্যাগ করতে পারেনি বিএনপি। এ কারণে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের এতবড় পরাজয় হয়েছে। গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাগো বাংলা ফাউন্ডেশন আয়োজিত ‘সংরক্ষিত নারী আসন : সংসদীয় গণতন্ত্রে নারীর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বিএনপিকে ইঙ্গিত করে মোহাম্মদ নাসিম বলেন, রাজনীতিতে অভিমান করে ফায়দা লোটা যায় না। রাগ-অভিমান করে বসে না থেকে সংসদে আসুন। সংসদে ভূমিকা রাখার মাধ্যমে দলকে শক্তিশালী করুন। রাজনীতি অনেক কঠিন বিষয়। যে কোনো অবস্থায় রাজনীতির জন্য লড়াই করে যেতে হবে। তিনি বলেন, ‘সংসদে সরকারি দল ও বিরোধী দল সবারই জনগণের কথা বলা উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ সংসদ হবে প্রাণবন্ত। সংসদে বিরোধীদের বক্তব্যে বাধা দেওয়া হবে না।’ মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দল সংসদে ভূমিকা রাখবে। সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেবে।
মোহাম্মদ নাসিম বলেন, ‘বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই নারীর ক্ষমতায়ন হয়েছে। বাংলাদেশের নারীর ক্ষমতা বিশ্বের কাছে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি ও সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওয়াহিদুজ্জামান খান চান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী সিকদার, এনডিসিআরসি’র চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএইচ খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, সম্প্রীতি বাংলাদেশ’র আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
