পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর কড়া সমালোচনা করেছেন সাবেক জার্মান ফুটবলার দিয়েতমার হামান। তার ‘শো অফ’ করার প্রবণতা বেশি বলে অভিযোগ করেছেন এই জার্মান।
ইউরোতে শনিবার জার্মানির বিপক্ষে ৪-২ গোলে হারে পর্তুগাল।

রোনালদোর গোলে ম্যাচে তখন ১-০তে এগিয়ে পর্তুগাল। সে সময়ই দারুণ এক কৌশল দেখান ক্রিস্টিয়ানো। অ্যান্তোনিও রুডিগারের মাথার উপর থেকে একটা বল রিসিভ করে পেছনে না তাকিয়েই ব্যাকহিল পাস দেন। তবে তার স্টাইলটা পছন্দ হয়নি হামানের।
আইরিশ একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মনে হয় এটা রীতিমতো ননসেন্স একটা কাজ। তার কাজটা ছিল দারুণ। এসব করার সামর্থ্য তার আছে। কিন্তু তার মধ্যে একটা শো অফ করার প্রবণতা আছে এবং প্রতিপক্ষকে ছোট করে দেখতে সে মজা পায়। হ্যাঁ, সে ভালো ফুটবলার তাতে কোন সন্দেহ নেই। কিন্তু তাকে গাধা মনে হলো।

সাবেক বায়ার্ন মিউনিখ তারকা আরো বলেন, তখন ১-০ ছিল। এ অবস্থায় তার এমন কর্মকাণ্ডে তাকে গাধাই মনে হচ্ছিলো। আপনি জার্মানদেরকে জিজ্ঞেস করে দেখুন, সে সময় তারা কি ভাবছিলো? তারাও নিশ্চয়ই বিষয়টি খেয়াল করেছে। আমি আপনাকে বলছি, রোনালদোর ওই কাণ্ডেই তারা আরো বেশি ক্ষেপে যায় এবং ম্যাচটা জিততে দৃঢ় প্রতিজ্ঞ হয়।
হামান মনে করেন, রোনালদোর ওই ‘বোকামিই’ তার দলকে ডুবিয়েছে।
ইত্তেফাক/এএএন
