ইত্তেফাক রিপোর্ট
গত ২৮ মার্চ বাড্ডা এলাকায় ধর্ষণের শিকার হয় ছয় বছরের এক শিশু। চকলেট ও আইসক্রিমের লোভ দেখিয়ে একই এলাকার ইন্টারনেট-সংযোগ দোকানের কর্মচারী কালবীর শিশুটিকে ধর্ষণ করে। সে সময় শিশুটির চিত্কারে আশপাশের লোকজন ও শিশুর মা ঘটনাস্থলে এসে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে আশপাশের লোকজন ধর্ষককে পুলিশে সোপর্দ করে। ধর্ষক বর্তমানে জেলহাজতে রয়েছে।
এদিকে ঢাকা মেডিক্যালে চিকিত্সার পরও শিশুটি সম্পূর্ণ সুস্থ নয়। চিকিত্সক আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ‘সময়মতো চিকিত্সা না হলে শিশুটি ক্যানসারে আক্রান্ত হতে পারে’। শিশুটির মা জানিয়েছেন, ‘আমি চিকিত্সা করাব কীভাবে! আমার সন্তানকে তিন বেলা খেতেই দিতে পারছি না’। শিশুটির বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে গেছেন। আর মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। বর্তমানে আসামি পক্ষের ভয়ে অন্যত্র ঘর ভাড়া নিয়ে গা ঢাকা দিয়ে আছেন। তা ছাড়া দেড় বছরের আর এক কন্যা ও ছয় বছরের ঐ শিশুকন্যাকে নিয়ে চরম অভাব আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তিনি। এ অবস্থায় শিশুটির মা সমাজের হূদয়বান ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
শিশুটির মায়ের সঙ্গে যোগাযোগ ও তাকে সাহায্য পাঠাতে বিকাশ ও ফোন করতে পারেন ০১৮৭২৯৭৬৬৮৯—এই নম্বরে।
