ন্যাপ নেতা পরিতোষ বহিষ্কার
সাবেক ছাত্রনেতা ও ন্যাপের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পরিতোষ দেবনাথের বহিষ্কারের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ছাত্র সমিতির সাবেক ২০০ জন নেতা। বিবৃতিতে ন্যাপের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র সমিতির সাবেক নেতারা বলেন, বারিধারার একটি ড্রয়িং রুমে বসে অগঠনতান্ত্রিকভাবে আইভি আহমেদকে ন্যাপের কার্যকরী সভাপতি ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে গত ৫ জুন একইভাবে চার জনের সভায় ন্যাপের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পরিতোষ দেবনাথকে বহিষ্কার করা হয়। ঐ সভায় আরো কয়েক জন উপস্থিতির নাম প্রকাশ করা হলেও বাস্তবে তারা উপস্থিত ছিলেন না। ন্যাপের ১৪ জন প্রবীণ নেতা এই অগঠনতান্ত্রিক ও অগণতান্ত্রিক একক সিদ্ধান্তের প্রতিবাদ জানান। এ ছাড়া ন্যাপ ও ন্যাপের সহযোগী সংগঠনের নেতারাও এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘আমরা ন্যাপের ১৪ জন কেন্দ্রীয় নেতার বিবৃতির প্রতি পূর্ণ সহমত পোষণ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যুর পর একটি অংশ পার্টির নেতৃত্ব কুক্ষিগত ও সাইনবোর্ড ব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিলের পাঁয়তারা করছেন বলেও অভিযোগ করা হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেন নিজাম উদ্দিন আহমেদ (প্রতিষ্ঠাতা সভাপতি), অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম (সাবেক সভাপতি), মাসুদুর রহমান মাসুদ (সাবেক সভাপতি), অ্যাডভোকেট এম এ ওয়াহাব, হাসান কমরুন, আওলাদ হোসেন, নাসিমা হক রুবী, মোস্তফা মাহমুদ, মো. আব্দুল মালেক, ভরত বিশ্বাস পাথ, শেখ শাহীন প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি।
