‘নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে’

আপডেট : ২২ জুন ২০২১, ০০:৩৮

গানে গানে শুরু হলো বিশ্বসংগীত দিবস উদ্যাপন। গতকাল দিবসটি উপলক্ষ্যে সংগীত সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে শুরু হয়েছে সাত দিনের সংগীত আসর। ‘সংগীত হোক বৈশ্বিক মহামারি নির্মূলের হাতিয়ার’—এই স্লোগানে ভাচুর্য়াল প্ল্যাটফরমে এ অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি। ২৭ জুন প্রতিদিন রাত সাড়ে ৮টায় শুরু হবে অনুষ্ঠান। এই আয়োজনে ঢাকার ৪০টি সংগীত দলের শিল্পীরা অংশ নিচ্ছেন।

সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ড. বিশ্বজিত্ রায় বলেন, সাত দিনে সাতটি বিষয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে—অতুল প্রসাদের গান, নজরুলসংগীত, আধুনিক গান, দেশপ্রেমের গান, গণসংগীত ও লোকসংগীত। অনুষ্ঠান আয়োজনের সাত দিনে সাত জন সংগীত ব্যক্তিত্ব আলোচনা করবেন। তারা হলেন—মোহাম্মদ রফিকউজ্জামান, কবি আমিনুল ইসলাম, শেখ সাদী খান, ম হামিদ, চিত্রশিল্পী মতলুব আলী ও ড. মোহাম্মদ সাদিক।

গতকাল প্রথম দিনের বিষয় ছিল রবীন্দ্রসংগীত। এতে আলোচনা করেন শিল্পী তপন মাহমুদ। রবীন্দ্রসংগীত গেয়ে শোনান শিল্পী মহাদেব ঘোষ, অপর্ণা খান, স্বপন দত্ত, সারোয়ার হোসেন বাবু, ফারজানা ইয়াসমীন লুনা, মৌমিতা মমি ও সানজিদা রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাহমুদ সেলিম।

শিল্পী মহাদেব ঘোষ গেয়ে শোনান ‘গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ’ ও ‘আকাশ ভরা সূর্য তারা’; স্বপন দত্ত পরিবেশন করেন ‘তুমি যত ভার দিয়েছো’ ও ‘আমার না বলা বাণী’; অপর্ণা খান শোনান ‘বিশ্ব সাথে যোগে যেথায় বিহার’ ও ‘আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে’; সারোয়ার হোসেন বাবু পরিবেশন করেন ‘বিশ্ব যখন নিদ্রা মগন’ ও ‘তোমার খোলা হাওয়া’; ফারজানা ইয়াসমীন লুনা প্রথমে গেয়ে শোনান ‘তোমায় গান শোনাব’ ও ‘বসে আছি হে কবে শুনিব’; মৌমিতা মমির কণ্ঠে শোনা যায় ‘মাঝে মাঝে তব দেখা পাই’ ও ‘নীলাঞ্জন পুঞ্জ ছায়ায়; সবশেষে সানজিদা রহমান ‘অমল ধবল পালে’ ও ‘নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে’। আজ মঙ্গলবার অতুল প্রসাদের গান নিয়ে বসবে আসর। আলোচনা করবেন মোহাম্মদ রফিকউজ্জামান।