ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা সীমান্তে বাংলাদেশি গরু পারাপারকারী যুবক আসাদুল হক (২৫) নিহত হয়েছে। গতকাল শনিবার ভোরে সীমান্তের ৮০২ নম্বর মেইন পিলারের ১০ নম্বর সাব পিলারের ডাঙ্গাটারী সীমান্তের কাছে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, গতকাল ভোরে সীমান্তের ৮০২ নম্বর মেইন পিলারের ১০ নম্বর সাব পিলারের ডাঙ্গাটারী সীমান্তের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশি গরু পারাপারকারীর ১০/১৫ জনের একটি দল গরু পারাপার করতে থাকে। এসময় ভারতীয় ১৪৩ রানীনগর বিএসএফ ব্যাটালিয়ন নিউ কুচলীবাড়ী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছুড়ে। এতে বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের মতিয়ার রহমান কদমার ছেলে আসাদুল হক ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বিএসএফ নিহতের লাশ টেনে হিঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
বাউরা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য মোজাম্মেল হক জানান, ‘নবীনগর গ্রামের আসাদুল হক বিএসএফের গুলিতে মারা গেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।’ বাউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া বলেন, ‘নিহতের বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। লাশ ভারতে রয়েছে।’
বর্ডারগার্ড বাংলাদেশ রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় গতকাল বিকালেই বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। ময়না তদন্তের পর আজ লাশ ফেরত দিবে বিএসএফ।’
