ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধে তদারকি প্রয়োজন

আপডেট : ২২ জুন ২০২১, ২১:২৯

প্রতিদিন দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় অসংখ্য চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। চাকরিপ্রত্যাশী বেকার তরুণ-তরুণীরা সেসব নিয়োগ বিজ্ঞপ্তি দেখে চাকরির জন্য আবেদন করেন; কিন্তু দুঃখের বিষয়, সরকারি চাকরি এবং প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠানগুলো ব্যতীত নামে-বেনামে লোভনীয় সুযোগ-সুবিধাসংবলিত যেসব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, সেসব বিজ্ঞাপনের বড় একটা অংশই থাকে সম্পূর্ণ ভুয়া। বিভিন্ন বিমা কোম্পানি, উন্নয়নমূলক সংস্থা, গ্রামীণ সেবামূলক প্রতিষ্ঠানের নামে তুলনামূলক কম শিক্ষাগত যোগ্যতায় বেশ মোটা অর্থ বেতনে চাকরির জন্য নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এসব বিজ্ঞপ্তির ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাকরিপ্রত্যাশী অনেক বেকার। এজন্য চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে আমাদের আরো সচেতন হতে হবে। তার পাশাপাশি এসব ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

নূরে আলম সিদ্দিকী শান্ত

ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা-১২১৫