দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

আপডেট : ২২ জুন ২০২১, ২১:৪৫

মহামারি করোনা ভাইরাসের প্রভাব বৃদ্ধি পাওয়ায় সরকারের নির্দেশনায় মঙ্গলবার ভোর ৬টা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশপথ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

সরজমিনে দেখা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ আছে, তবে ফেরি চলাচল করছে। এ সময় দেখা যায় ফেরিগুলো পণ্যবাহী ট্রাক, পিকআপ ও ব্যক্তিগত গাড়ি পারাপার করছে।

লঞ্চ চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) টি আই আফতাব হোসেন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ জুন হতে আমরা লঞ্চ চলাচল বন্ধ রেখেছি। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, নির্দেশনা অনুযায়ী  জরুরি সেবা, পণ্যবাহী ট্রাক পারাপার করছি। আমাদের সবগুলো ফেরি চালু আছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি চালু আছে।