‘বিশ্বব্যাপী মাতৃভাষার অধিকার সংরক্ষণে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৯

বিশ্বব্যাপী মাতৃভাষার অধিকার সংরক্ষণে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। তিনি বলেন, মাতৃভাষা বাংলার অধিকার আদায়ের দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা মায়ের ছেলেরা তাদের জীবন উত্সর্গ করেছিলেন। মাতৃভাষার প্রতি বিশ্বব্যাপী মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র সংরক্ষণে বাংলাদেশের যে প্রতিশ্রুতি রয়েছে তা ভাষা শহীদদের মহান আত্মত্যাগ থেকে উত্সারিত হয়েছে। ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাগুলোর আন্তর্জাতিক বর্ষের বৈশ্বিক উদযাপন’ উপলক্ষে শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ আয়োজিত উচ্চ পর্যায়ের প্লেনারি সভায় তিনি এ কথা বলেন। ঢাকায় প্রাপ্ত এ খবরে এ তথ্য জানা গেছে। 

রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশের উদ্যোগের কারণেই ২১ ফেব্রুয়ারিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনের সভাপতি মারিয়া ফার্নান্দা এসপিনোসা গার্সেজ অনুষ্ঠানের সূচনা করেন এবং উদ্বোধনী বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য দেন বলিভিয়ার রাষ্ট্রপতি ইভো মোরালেস। এছাড়া জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলী সংক্রান্ত আন্ডার সেক্রেটারি জেনারেল লিউ জেনমিন, ইউনেস্কোর সংস্কৃতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল আর্নেস্টো অটোনি রামিরেজ ও ‘স্থানীয় ভাষার আন্তর্জাতিক বর্ষ’ উদযাপন স্টিয়ারিং কমিটির চারজন কো-চেয়ার বক্তব্য দেন।