দেশের স্বাস্থ্যসেবা ও তাত্ক্ষণিক সহায়তা প্রদানে, জীবিকা নির্ধারণ পুনরায় স্বাভাবিক করতে এবং দীর্ঘমেয়াদি অগ্রগতি ত্বরান্বিত করতে সাড়ে ১৩ কোটি টাকার সহায়তা প্রদানের পদক্ষেপ গ্রহণ করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। ব্যাংকটির বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, বাংলাদেশ করোনার ধাক্কা সামাল দিতে এখন পর্যন্ত সক্ষম হলেও আরো একটি ঢেউয়ের আশঙ্কা মাথাচাড়া দিয়ে উঠছে। বিষয়টি বিবেচনায় রেখে গত বছরের মতো এবারও আমরা জনসাধারণের জন্য একটি বিস্তৃত, বহুমাত্রিক কোভিড-১৯ প্রতিক্রিয়া পরিকল্পনা ঘোষণা করছি। ২০২০-এ আমাদের গৃহীত পরিকল্পনাগুলোর ধারাবাহিকতায় নতুন পরিকল্পনাগুলো সাজানো হয়েছে। তবে আরো বৃহত্ পরিসরে, যা সমগ্র পরিস্থিতির ওপর বাড়তি প্রভাব ফেলবে বলে আমরা মনে করি। স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং করপোরেট অ্যাফেয়ার্সের হেড বিটপী দাস চৌধুরী বলেন, করোনা আক্রান্ত মানুষদের তাত্ক্ষণিক চাহিদা পূরণের পাশাপাশি আমরা স্বাস্থ্যসেবা, শিক্ষা, নতুন উদ্যোক্তা এবং ভবিষ্যত্ দক্ষতা বিকাশের উদ্দেশ্যেও বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিকল্পনা করছি। —প্রেস বিজ্ঞপ্তি
