পরিবারের সান্নিধ্য পেতে সুপার লিগ না খেলেই যুক্তরাষ্ট্রে চলে গেছেন সাকিব আল হাসান। ডান হাঁটুর ব্যথার কারণে সুপার লিগে খেলতে পারছেন না তামিম ইকবাল। এবার মুশফিকুর রহিমেরও ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হয়ে গেল। আঙুলের ইনজুরির কারণে ছিটকে পড়লেন আবাহনীর অধিনায়ক। সুপার লিগের অবশিষ্ট তিন ম্যাচে মুশফিককে পাবে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বাঁ হাতের তর্জনীতে সূক্ষ্ম চিড় ধরা পড়েছে, মুশফিককে এক সপ্তাহের বিশ্রামে থাকতে হবে। গত সোমবার মিরপুর স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে বেশ দুর্দান্ত লড়াইয়ের পর জিতেছিল আবাহনী। ঐ ম্যাচেই কিপিং করার সময় ফিল্ডারের থ্রো সরাসরি মুশফিকের আঙুলে লেগেছিল। তখনই ব্যথায় কুঁকড়ে উঠেছিলেন। তবে প্রাথমিক চিকিত্সার পর কিপিং করে গেছেন, পরে ব্যাটিংও করেছেন।
ব্যথা না কমায় মুশফিকের আঙুলের এক্সরে করানো হয়। সেখানে তেমন কিছু ধরা পড়েনি। পরে স্ক্যান করালে সূক্ষ্ম চিড় ধরা পড়ে। বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী গতকাল মুশফিকের ইনজুরি নিয়ে বলেছেন, ‘আজকে (গতকাল) সকালে মুশফিকের হাতে সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যানে বাম হাতের তর্জনীতে একটা ছোট হেয়ারলাইন ফ্র্যাকচারের অস্তিত্ব দেখা গেছে। আপাতত আমরা তাকে এক সপ্তাহের জন্য বিশ্রাম নিতে বলেছি। এক সপ্তাহ পরে আমরা আবার রিভিউ করব। যেহেতু হেয়ারলাইন ফ্র্যাকচার, আশা করছি সেরে উঠতে খুব একটা লম্বা সময় নেবে না।’
তবে এই ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফরে মুশফিকের খেলা নিয়ে শঙ্কা জেগেছে। কারণ সবকিছু ঠিক থাকলে ২৮ জুন উড়াল দেওয়ার কথা বাংলাদেশ দলের। যদিও বিসিবির প্রধান চিকিত্সকের আশা, তার আগেই সেরে উঠবেন মুশফিক। এক সপ্তাহ পর আবারও ইনজুরিটা রিভিউ করা হবে বলে জানিয়েছেন দেবাশীষ চৌধুরী।
প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচ খেলে ২০ পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে আবাহনী। নেতৃত্বের দায়িত্বের পাশাপাশি ব্যাট হাতে মুশফিক ১২ ইনিংস খেলে করেছেন ২৬৭ রান।
