শেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান লুত্ফর রহমান মোহন আর নেই

আপডেট : ২২ জুন ২০২১, ২১:৫৭

মুক্তিযুদ্ধকালীন প্রবাসী মুজিবনগর সরকারের কর্মচারী, বিশিষ্ট রাজনীতিক, নাট্যাভিনেতা, ক্রীড়াসংগঠক, শেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান লুত্ফর রহমান মোহন (৭৭) আর নেই। হূদেরাগে আক্রান্ত হয়ে মঙ্গলবার প্রথম প্রহরে শহরের গৌরীপুর এলাকার মমিনবাগে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি মুক্তিযুদ্ধের সময় শেরপুর জেলা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য ছিলেন। পরপর দুইবার তিনি শেরপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। সত্তর-আশির দশকে শেরপুরের মঞ্চে সাড়া জাগানো নাট্যাভিনেতা ও সাংস্কৃতিক সংগঠক ছিলেন লুত্ফর রহমান মোহন। তিনি শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি, রোটারি ক্লাবের চার্টার মেম্বার ও পাস্ট প্রেসিডেন্ট এবং জেলা বাস-কোচ মালিক সমিতি ও মাইসাহেবা মসজিদ কমিটির সাবেক সভাপতি ছিলেন। তিনি গণমাধ্যম ব্যক্তিত্ব ড. গোলাম রহমান রতনের বড় ভাই।

লুত্ফর রহমান মোহনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, চেম্বার সভাপতি আসাদুজ্জামান রৌশন, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষের সভাপতি সুশীল মালাকার, খেলাঘর জেলা কমিটির সভাপতি ইমাম হোসেন ঠান্ডু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক, ডিএফএ সভাপতি মানিক দত্ত প্রমুখ।