জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নোয়াখালীর উন্নয়নে ৩৭১ কোটি ১৬ লাখ টাকার প্রকল্প অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ির একাংশ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোরশেদ আলম। একই সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকেও ধন্যবাদ জানান তিনি।
গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ৩৭১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নোয়াখালী সড়ক বিভাগের অধীন কবিরহাট-ছমিরমুন্সির হাট-সোনাইমুড়ি সড়ক (জেড-১৪১০) এবং সেনবাগ-বেগমগঞ্জ গ্যাস ফিল্ড-সোনাইমুড়ি সড়ক (জেড-১৪৪৬) প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রকল্পের আওতায় দুটি সড়ক ১৮ ফুট প্রশস্ততায় পুনর্নির্মাণ, বাঁক সরলীকরণ ও ৪২ কিলোমিটার সার্ফেসিং ছাড়াও বাজার এলাকাগুলোতে রিজিড পেভমেন্ট, ব্রিক টো-ওয়াল, বাস-বে নির্মাণ করা হবে। এছাড়া প্রকল্পের আওতায় কাজিরহাট-জমিদারহাট লিংক সড়কের কাজও অন্তর্ভুক্ত রয়েছে।
প্রধানমন্ত্রী ও সড়ক পরিবহন মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নোয়াখালী-২ আসনের এমপি ও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে নোয়াখালীর উত্তর-দক্ষিণ সংযোগ বাড়বে। এছাড়া ফেনী-চৌমুহনী সড়কের বাইপাস হিসেবে কাজ করবে সেনবাগ-সোনাইমুড়ি সংযোগ সড়ক। এছাড়া সেনবাগ, কোম্পানীগঞ্জ, কবিরহাটসহ নোয়াখালীর দক্ষিণাঞ্চলের মানুষ কম সময়ে ঢাকায় যাতায়াত করতে পারবেন।
