পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দেশ আফগানিস্তানের শান্তির প্রশ্নে একসঙ্গে কাজ করবে, কিন্তু মার্কিন বাহিনীকে পাকিস্তানে ঘাঁটি গাড়তে দেবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র গত ২০ বছর ধরে লড়াই করেও আফগানিস্তানে জয় পায়নি। তাহলে পাকিস্তানে ঘাঁটি গেড়ে কীভাবে জয় সম্ভব? প্রভাবশালী মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে ইমরান খান লিখেছেন, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে পাকিস্তান সন্ত্রাসীদের জিঘাংসার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। তার এসব মন্তব্য এমন এক সময়ে এলো যখন চলতি বছর সেপ্টেম্বর মাসের মধ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা করছে।
ইমরান খান তার নিবন্ধে লিখেছেন, সমর্থন দেওয়ার প্রশ্নে অতীতে আফগানিস্তানে লড়াইরত প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্য থেকে একটিকে বেছে নিয়ে পাকিস্তান ভুল করেছে। তিনি বলছেন, এখন যে দলই আফগান জনগণের আস্থাভাজন হবে, পাকিস্তান তার সঙ্গেই কাজ করে যাবে। ইমরান খান জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের স্বার্থ এখন একই। তা হলো, আফগানিস্তানের স্থিতিশীলতা এবং সন্ত্রাসবাদের অবসান। আগামী ২৫ জুন প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউজে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং জাতীয় সমঝোতার ব্যাপারে গঠিত বিশেষ কমিটির প্রধান ড. আব্দুল্লাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। —বিবিসি ও ডন
