শিশু সাঈদ হত্যা

পুলিশ কনস্টেবলসহ তিন আসামির মৃত্যুদণ্ড বহাল

আপডেট : ২৩ জুন ২০২১, ০০:৩৬

সিলেটে শিশু আবু সাঈদকে অপহরণ ও হত্যার দায়ে তিন আসামির ফাঁসি বহাল রেখেছে হাইকোর্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—বরখাস্ত পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুল, সিলেট জেলা ওলামা লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদা। ডেথ রেফারেন্স গ্রহণ এবং আসামিদের আপিল খারিজ করে বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আখতারুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ ও আসামি পক্ষে মোহাম্মদ শিশির মনির, সাঈদ আহমেদ রাজা ও সিদ্দিকুর রহমান শুনানি করেন।

মামলার নথি থেকে জানা যায়, সিলেটের রায়নগর শাহ মীর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদকে ২০১৫ সালের ১১ মার্চ অপহরণ করে। পরে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসামিরা।

পরদিন রাতে নগরীর ঝর্নারপাড় সোনাতলা এলাকায় পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুলের বাসার ছাদের চিলেকোঠা থেকে সাঈদের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় করা মামলায় তিন জনকে মৃত্যদণ্ড দেয় সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ঐ মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পরে আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন।