৬৯ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

আপডেট : ২৩ জুন ২০২১, ০০:৩৮

দেশের বিভিন্ন জেলায় লকডাউন দিয়েও ঠেকানো যাচ্ছে না করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু। ঢাকা, খুলনা ও চট্টগ্রামে সংক্রমণ বাড়ার মধ্যে দেশে এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪ হাজার ৮৪৬ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এক দিনে শনাক্ত রোগীর এই সংখ্যা গত ৬৯ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে ১৪ এপ্রিল এক দিনে ৫ হাজার ১৮৫ জন নতুন রোগী শনাক্তের খবর এসেছিল। এদিকে গত এক দিনে করোনায় মৃত্যু হয়েছে ৭৬ জনের।

গত এক দিনে মৃত্যুর সংখ্যা সামান্য কমলেও নতুন রোগীর সংখ্যা বেড়েছে ২০০-এর বেশি। সোমবার দেশে ৪ হাজার ৬৩৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার রয়েছে ১৯ শতাংশের ওপরে।  শনাক্ত হওয়া নতুন রোগীদের মধ্যে ১ হাজার ৪৯৬ জনই ঢাকা জেলার। আর খুলনা বিভাগে সবচেয়ে বেশি ২৭ জনের মৃত্যু হয়েছে গত এক দিনে। নতুন  রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৬১ হাজার ১৫০ জনে। তাদের মধ্যে ১৩ হাজার ৭০২ জনের প্রাণ  কেড়ে নিয়েছে এ ভাইরাস। সরকারি হিসাবে এক দিনে আরো ২ হাজার ৯০৩ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৮ হাজার ৩৮৫ জন।