একচ্ছত্র রাজনৈতিক আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা থেকেই অনুসন্ধানী সাংবাদিকতায় অভ্যন্তরীণ ও বহিরাগত চাপ বেড়েছে। এই চাপ মোকাবিলা করে নীতি-নৈতিকতা বজায় রেখেই অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ নৈতিকতা ও শুদ্ধাচার নিশ্চিত করার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে হবে। গতকাল মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘করোনাকালে অনুসন্ধানী সাংবাদিকতা চ্যালেঞ্জ এবং করণীয়’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ মন্তব্য করেন।
অনলাইন প্ল্যাটফরমে আয়োজিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ মাসুম বিল্লাহ। মুখ্য আলোচক ছিলেন গবেষক ও গণমাধ্যম বিশ্লেষক অধ্যাপক আফসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতিআরা নাসরিন, বৈশাখী টেলিভিশনের প্ল্যানিং কনসালট্যান্ট জুলফিকার আলি মানিক, এমআরডিআইর অনুসন্ধানী সাংবাদিকতা সহায়তা ডেস্কের প্রধান বদরুদ্দোজা বাবু এবং টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মন্জুর-ই-আলম। অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে ২০২০ সালের ৮ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালে বাংলাদেশি সংবাদপত্র ও টেলিভিশনে প্রকাশিত/প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনের জন্য টেলিভিশন এবং জাতীয় ও স্থানীয় প্রিন্ট/অনলাইন মিডিয়া এই তিনটি বিভাগে ‘কোভিড-১৯ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২০’ সাংবাদিকতার জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রিন্ট মিডিয়া আঞ্চলিক ক্যাটাগরিতে এই পুরস্কার বিজয়ী হয়েছেন চট্টগ্রামের দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার আবু রায়হান তানিন। প্রিন্ট/অনলাইন মিডিয়া (জাতীয়) বিভাগে বিজয়ী হয়েছেন সারাবাংলা ডট নেট-এর সিনিয়র করেসপন্ডেন্ট সৈকত ভৌমিক। ইলেক্ট্রনিক মিডিয়া বিভাগে বিজয়ী হয়েছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মুফতী পারভেজ নাদির রেজা। তিনটি বিভাগে বিজয়ী সাংবাদিকদের প্রত্যেককে সম্মাননাপত্র, ক্রেস্ট ও ১ লাখ ২৫ হাজার টাকার চেক প্রদান করা হবে।
