বিএনপি বিহীন প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ১৪৮ জন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৮ ও প্রতিদ্বন্দ্বিতা করে ১২০), জাতীয় পার্টি-জেপি তিন জন, জাতীয় পার্টি-জাপা তিন জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন ও স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৯ জন প্রার্থী চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মাঠ পর্যায় থেকে নির্বাচন কমিশনে (ইসি) আসা ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
সোমবার ১৩ জেলার ৪১টি উপজেলার ২০৪ ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের আগেই কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচনে আগেই আওয়ামী লীগের ২৮ প্রার্থী বিজয়ী হন। ২০৪ ইউপির মধ্যে ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইভিএমে অনুষ্ঠিত ২০টি ইউপিতে গড়ে ভোট পড়েছে ৬৩ দশমিক ৪৬ শতাংশ। ব্যালটে অনুষ্ঠিত ইউপিতে গড়ে ভোট পড়ে ৬৪ দশমিক ৭৩ শতাংশ।
