বেনাপোল (যশোর) সংবাদদাতা
এক সপ্তাহ বন্ধ থাকার পর গতকাল বুধবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পুনরায় পাথর আমদানি শুরু হয়েছে। আমদানি বন্ধ থাকায় ভারতের পেট্রাপোল বন্দরে পাথরবাহী প্রায় ১ হাজার ট্রাক আটকা পড়ে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারত থেকে যেসব পাথরের গাড়ি আসে, সেগুলো বন্দরের বাইরে আনলোড হতো। পাথর আনলোড করার সময় ভারতীয় ট্রাকড্রাইভার ও হেলপাররা স্বাস্থ্যবিধি না মেনে এদিক-ওদিক ঘুরে বেড়ান। ভারতে করোনার প্রভাব বেশি হওয়ায় ভারতীয় ট্রাকড্রাইভার-হেলপারদের মাধ্যমে করোনার ডেলটা ভ্যারিয়েন্ট এসব এলাকায় ছড়াতে পারে। এ কারণে পাথরের গাড়ি বেনাপোল বন্দরে প্রবেশে বাধা সৃষ্টি করা হচ্ছিল।
এ ছাড়া বেনাপোল পৌর ট্রাক টার্মিনাল ও বেনাপোল ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের ট্রাকপ্রতি ১০০ টাকা চাঁদা নেওয়ার প্রতিবাদ করে আসছিলেন ভারতীয় ব্যবসায়ীরা। এসব কারণে গত বুধবার থেকে বেনাপোল বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ হয়ে যায়। পরে বন্দর এলাকা থেকে ভারতীয় পাথরবোঝাই ট্রাক বাংলাদেশি ড্রাইভাররা নিয়ে ফাঁকা জায়গায় আনলোড করবেন—এই শর্তে আজ সকাল থেকে পাথর আমদানি শুরু হয়েছে। ভারতের পেট্রাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, বেনাপোল বন্দর এলাকার দুটি সংস্থার দ্বন্দ্বের কারণে ভারত থেকে পাথর রপ্তানি গত বুধবার থেকে বন্ধ হয়ে যায়। তবে বেনাপোল কাস্টমস ও বন্দরের উদ্যোগে তা আবার চালু হয়েছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার জানান, বেনাপোল বন্দরে জায়গার সংকটের কারণে ভারত থেকে আমদানি করা পাথর বন্দর এলাকার পাশে আমদানিকারকের নিজস্ব জায়গায় আনলোড করা হচ্ছিল। ভারতীয় ড্রাইভার-হেলপারদের মাধ্যমে করোনা ছড়াতে পারে—এজন্য এখন থেকে বন্দর এলাকা থেকে ভারতীয় পাথরবোঝাই ট্রাক বাংলাদেশি ড্রাইভাররা নিয়ে আমদানিকারকের জায়গায় আনলোড করবেন—এই শর্তে পাথর আমদানি শুরু হয়েছে। প্রতিদিন ভারত থেকে ১০০ থেকে ১২০ ট্রাক পাথর আমদানি হয়ে বেনাপোল বন্দরে আসে।
