বরিশাল অফিস
বরিশালে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২৩ জুন প্রথম প্রহরে নগরীর ৭২টি স্থান থেকে একযোগে আতশবাজি প্রদর্শনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একটি ওয়ার্ডে দলের স্থায়ী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরীর ৩০টি ওয়ার্ডে স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার কর্মসূচি শুরু করে মহানগর আওয়ামী লীগ। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে নগরীর ৭২টি স্থান থেকে একযোগে মুহুর্মুহু আতশবাজি প্রদর্শন করা হয়। রাত পৌনে ১টায় নগরীর ঈশ্বরবসু রোডের পাশে মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। গতকাল বুধবার সকাল ৬টায় নগরীর সোহেলচত্বরের দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহিদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মেয়রসহ মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
