বীরগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

আপডেট : ২৩ জুন ২০২১, ২০:৫৮

দিনাজপুর অফিস

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের মদনপুর গ্রামে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করছেন গ্রামবাসী। কয়েক দিন ধরে রাস্তা সংস্কারের কাজ করছেন তারা। কাজ শেষ হতে আরো তিন-চার দিন লাগবে বলে জানা গেছে। তিন কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার না করায় চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। বর্ষায় কৃষিপণ্য নিয়ে যাতায়াত কঠিন হয়ে পড়ে। মঙ্গলবার দেখা যায়, ১০-১২ জন রাস্তা সংস্কারের কাজ করছেন। সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় বলেন, ‘সীমিত বরাদ্দ থাকায় এ রাস্তা সংস্কার করা সম্ভব হয়নি। তবে সংস্কারের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’