নন্দীগ্রামে ১৩ চোরাই মোবাইল ফোনসহ গ্রেফতার ১

আপডেট : ২৩ জুন ২০২১, ২১:০০

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

নন্দীগ্রামে মঙ্গলবার রাতে বিভিন্ন ব্রান্ডের ১৩টি চোরাই মোবাইল ফোনসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে—নাজিম উদ্দিন। বুধবার দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাকে বগুড়া কোর্টহাজতে পাঠানো হয়েছে। সে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল পাকুরিয়াপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাই মোবাইল ফোন বিক্রির গোপন খবরে বিজরুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজিম জানিয়েছে, এসব মোবাইল ফোন বিভিন্ন অপরাধী চক্রের কাছ থেকে কেনে ও সে নিজে চুরি করে অধিক মূল্যে বিভিন্ন জায়গায় বিক্রি করত। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।