বিভ্রান্তি এড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা
বিশেষ প্রতিনিধি
শুধু প্যাডেলচালিত রিকশা-ভ্যানের মোটর বা ব্যাটারি খুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ তথ্য জানায়। উল্লেখ্য, গত ২০ জুন সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়কে পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য টাস্কফোর্সের সভায় সিদ্ধান্ত হয়, মোটর বা ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে দেওয়া হবে।
ঐ দিন সভার সিদ্ধান্ত তুলে ধরে টাস্কফোর্সের প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা লক্ষ্য করেছি, সারা দেশে রিকশা-ভ্যানের মধ্যে মোটর লাগিয়ে রাস্তায় চলছে। শুধু সামনের চাকায় ব্রেক, পিছনের চাকায় কোনো ব্রেক নেই, ব্যবস্থা থাকলেও তা অপ্রতুল। সেগুলো যখন ব্রেক করে যাত্রীসহ গাড়ি উলটে যায়। আমরা দেখেছি, হাইওয়েগুলোতেও এই রিকশা চলে আসছে। এজন্য সারা দেশে এ ধরনের রিকশা-প্যাডেলচালিত রিকশার বিষয়ে বলছি না। প্যাডেলচালিত রিকশাকে যারা ইঞ্জিন দিয়ে রূপান্তর করেছেন, সেসব রিকশা-ভ্যান বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। এরপর বিভিন্ন পর্যায় থেকে এ সিদ্ধান্তের বিরোধিতা করে শুরু হয়। অনেকে মনে করেন, এ সিদ্ধান্তের মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ হয়ে যাচ্ছে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের তৃতীয় সভায় সড়ক-মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে যেসব প্যাডেলচালিত রিকশা ও ভ্যানে মোটরযন্ত্র লাগানো হয়েছে শুধু সেসব রিকশা ও ভ্যান থেকে মোটরযন্ত্র খুলে ফেলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
