মদ্রিচ নৈপুণ্যে ক্রোয়েশিয়া শেষ ষোলোতে

আপডেট : ২৩ জুন ২০২১, ২১:৩৫

স্পোর্টস রিপোর্টার

ইউরোতে মঙ্গলবার রাতে দারুণ এক ম্যাচ হয়ে গেছে। ডি গ্রুপে স্কটল্যান্ড ও ক্রোয়েশিয়ার লড়াইয়ে যে জিতবে, সে যাবে শেষ ষোলোয়। ক্রোয়েশিয়া ৩-১ গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউট পর্বে উঠেছে। এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে ইংল্যান্ড। ইংল্যান্ড ১-০ গোলে হারিয়েছে চেক রিপাবলিককে।

স্কটল্যান্ডকে হারিয়ে নাটকীয় প্রত্যাবর্তন ক্রোয়েশিয়ার। মরা-বাঁচার লড়াই জিতে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোয় ২০১৮ রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ দল ক্রোয়েশিয়া।

এবারের ইউরোতে ক্রোয়েশিয়া প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে চেক রিপাবলিকের সঙ্গে ১-১ গোলে ড্র হওয়ার পর শেষ ষোলোয় যোগ্যতা অর্জন করা নিয়েই ক্রোয়েশিয়া অনিশ্চয়তার মধ্যে ছিল। মঙ্গলবার স্কটল্যান্ড ম্যাচের ওপরই নির্ভর করছিল ক্রোয়েশিয়ার ভাগ্য। ১৭ মিনিটে ইভান পেরিসিচের পাশ থেকে নিকোলা ভলাসিচ গোল করে দলকে এগিয়ে দিলেও প্রথমার্ধ শেষ হওয়ার একটু আগে স্কটল্যান্ডের ম্যাকগ্রেগরের গোলে সমতায় ফেরে। ৬২ মিনিটে মাতেয়ো কোভাসিচ পাশ দেন স্কটল্যান্ড বক্সের বাইরে মদ্রিচকে। ডান পায়ের আউটস্টেপ দিয়ে নেওয়া বঁক খাওয়ানো শটে বল জালে জড়িয়ে দেন মদ্রিচ। রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বল পাওয়া লুকা মদ্রিচ স্কটল্যান্ডের বিপক্ষে প্রায় ২০ গজ দূর থেকে গোল করলেন।

৭৭ মিনিটে মদ্রিচের ঠেলে দেওয়া বলে পেরিসিচ গোল করে ক্রোয়েশিয়াকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। দুরন্ত জয়ের ফলে চেক রিপাবলিককে টপকে ‘ডি’ গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয় ক্রোয়েশিয়া। দুই দলই তিন ম্যাচে ৪ পয়েন্ট করে পেয়েছে। কিন্তু গোলের পার্থক্যে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে নেমে যায় চেক রিপাবলিক। শেষ ষোলোয় চেক রিপাবলিককে  তাদের খেলতে হবে ‘ই’ গ্রুপের দ্বিতীয় দলের বিপক্ষে।  ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে জয়ে ফিরল ইংল্যান্ড। ওয়েম্বলিতে চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচের ২৪ ঘণ্টা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল হ্যারি কেনদের ইউরো ২০২০-এর শেষ ষোলোয় খেলা। নিয়ম রক্ষার ম্যাচ হলেও ইংল্যান্ডের লক্ষ্য ছিল টেবলের শীর্ষস্থান দখল করা। ম্যাচের ১২ মিনিটে রাহিম স্টার্লিং জয়সূচক গোল করেন।