ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার দেশের উভয় শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। আর এ দরপতনে মুখ্য ভূমিকা রেখেছে ব্যাংক, বিমা ও বস্ত্র খাতের কোম্পানিগুলো। তবে পতনের বাজারেও দাপট দেখিয়েছে মিউচ্যুয়াল ফান্ড। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬৯ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩৫ পয়েন্টে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৯৫ পয়েন্ট।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ডিএসইর তালিকাভুক্ত ৫০টি বিমার মধ্যে মাত্র দুটি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে ৪৭টির দাম কমেছে। বাকি একটির লেনদেন হয়নি। অন্যদিকে ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে দাম বেড়েছে মাত্র একটির। বিপরীতে দাম কমেছে ২৩টির। আর সাতটির দাম অপরিবর্তিত রয়েছে। এ ছাড়া বস্ত্র খাতের তালিকাভুক্ত ৫৮টি কোম্পানির মধ্যে ৪২টির শেয়ার দাম কমেছে। বিপরীতে দাম বেড়েছে ১১টির। আর পাঁচটির দাম অপরিবর্তিত রয়েছে। ব্যাংক, বিমা ও বস্ত্র খাতের এই পতনের মধ্যে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে মিউচ্যুয়াল ফান্ডগুলো। তালিকাভুক্ত ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৩৫টির দামই বেড়েছে। বিপরীতে একটির দাম কমেছে। আর একটির লেনদেন হয়নি।
সব খাত মিলে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৩৩টি। বিপরীতে দাম কমেছে ২১৭টির। আর ২২টির দাম অপরিবর্তিত রয়েছে।
গতকাল ডিএসইএক্স ৬ হাজার ৩৫ পয়েন্টে নেমে গেছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ২ হাজার ১৮৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ২৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
সূচকের বড় পতন হলেও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। গতকাল বাজারটিতে লেনদেন হয়েছে ২ হাজার ৩০ কোটি ৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ২ হাজার ১৭ কোটি ৫৬ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১২ কোটি ৪৭ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৬০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মালেক ন্যাশনাল ফিডের ৬৬ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ম্যাকসন স্পিনিং।
এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ড্রাগন সোয়েটার, কাট্টালী টেক্সটাইল, এসএস স্টিল, সি পার্ল বিচ রিসোর্ট, ওরিয়ন ফার্মা, কুইন সাউথ টেক্সটাইল এবং কেয়া কসমেটিকস।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৯৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৩৬ কোটি ৩৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৯টির এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে।
