কোনো শক্তিই জনগণ থেকে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করতে পারবে না :কাদের

আপডেট : ২৩ জুন ২০২১, ২২:৩০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ অতীতে যেমন জনগণের সঙ্গে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোনো যড়যন্ত্র করে আওয়ামী লীগকে দেশের মাটি ও জনগণের কাছ থেকে দূরে রাখতে পারবে না।

গতকাল বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। কোনো ষড়যন্ত্রই, কোনো শক্তিই জনগণ থেকে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করতে পারবে না।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের ৭২ বছরের ইতিহাস সংগ্রাম ও সাফল্যের ইতিহাস, গৌরবের ইতিহাস, উন্নয়ন ও অর্জনের ইতিহাস। শত ষড়যন্ত্র করেও আওয়ামী লীগকে মাটি ও মানুষ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও পারবে না। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা—আমরা সেই ঐতিহ্য বহন করছি। সংগ্রাম, সাফল্য, গৌরব, অর্জন-উন্নয়নের যে ঐতিহ্য আমরা বহন     করে চলেছি, সেই ধারা অব্যাহত থাকবে।’ এর আগে দলের শীর্ষ নেতাদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক ও শাজাহান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এবং ডা. দীপু মনি, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম  মোজাম্মেল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও শফিউল আলম চৌধুরী নাদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।