স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আশ্বস্ত করে বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরি হবে না। বরং এনআইডি সেবা এখন যথাস্থানে আসছে বলেও মন্তব্য করেন তিনি। গতকাল বুধবার দুপুরে রাজধানীর পুরাতন কারাগার (নাজিমউদ্দিন রোডে) কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে কারাবন্দিদের সন্তানদের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগারকে সংশোধনাগারে পরিবর্তন করতে কাজ করছে সরকার। এরই মধ্যে বেশ কাজ করা হয়েছে। কারাগারে থেকেই এখন পরিবারের সঙ্গে কথা বলতে পারছেন বন্দিরা। বিভিন্ন কাজের ব্যবস্থা করা হয়েছে, যেন জেল থেকে মুক্তির পর কাজ করে খেতে পারেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে কারাবন্দিদের ১০০ সন্তানকে বৃত্তিপ্রদান করা হয়।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনআইডি নিয়ে যেসব কথা হচ্ছে তা অবান্তর। আমরা জেনে বুঝেই এনআইডি সেবাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনছি। এখানে সবার মতামত রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সবাইকে স্বাস্থ্যবিধি মানানো সম্ভব নয়। প্রাণঘাতী এই রোগ নিয়ন্ত্রণে সবাইকে ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, এক কথায় সরকারি নির্দেশনা জনগণকে মানা উচিত। পুলিশ কেন ফোর্স করবে নিয়ম মানতে। এরপরও পুলিশ চেকপোস্ট বসিয়ে কাজ করছে। গাড়ি নিয়ন্ত্রণ করছে।
টিকটক বন্ধের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে টিকটক বন্ধের আলোচনা চলছে। এ বিষয়ে পরিবারের কর্তাব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ছেলেমেয়েরা কোথায় কী করছে তা দেখবেন না? টিকটক করছে, লাইকি করছে, ভিডিও করছে, মাদক গ্রহণ করছে, নষ্ট হয়ে যাচ্ছে; এগুলো অভিভাবকদেরও দেখতে হবে। না পারলে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেবেন।
