কাঠালিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় কলেজছাত্র নিহত, গ্রেফতার ৪

আপডেট : ২৩ জুন ২০২১, ২২:৩২

কাঠালিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আরিফ হোসেন (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছে অনন্ত ১৫ জন। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরিফ উপজেলার ছোনউটা গ্রামের শিক্ষক শাহ আলম আকন লাল মিয়ার পুত্র ও বাগেরেহাট সরকারি পিসি কলেজের অর্নাস তৃতীয় বর্ষের ছাত্র।

এ ঘটনায় আরিফের বাবা মো. শাহ আলম লাল মিয়া বাদী হয়ে গতকাল বুধবার ২২ জনকে আসামি করে এবং আরো ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা হিসেবে কাঠালিয়া থানায় মামলা করেছেন। আলিম সিকদার, মালেক, সিরাজ সিকদার ও শাহজাহারকে গ্রেফতার করেছে থানার পুলিশ।

পুলিশ, নিহতের মা শাহনাজ পারভীন, বাবা শাহ আলম লাল মিয়া ও প্রতক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে উপজেলার স্থানীয় ছোনাউটা কেরাত আলী দাখিল মাদ্রাসার বাজারসংলগ্ন মাঠে পিকনিকের আয়োজন করেন সদ্য নির্বাচিত ইউপি সদস্য (মেম্বর) মজিবর রহমানের সমর্থকেরা। এ সময় পরাজিত মেম্বর প্রার্থী ফারুক মিয়ার কর্মী হোসেন আলী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার   সময় মজিবর রহমানের সমর্থকেরা তাকে আটক করে বেঁধে রাখেন। খবর শুনে ফারুকের লোকজন হোসেন আলীকে ছাড়াতে এলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে রামদা, দায়ের কোপ ও লাঠির আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত আরিফ হোসেন ও আলিম সিকদারকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল আরিফ হোসেন মারা যান।

থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, ইউনিয়ন পরিষদের দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কলেজছাত্র আরিফ হোসেন নিহত হয়েছেন। চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আলিম বরিশাল হাসপাতালে পুলিশের প্রহরায় চিকিত্সাধীন রয়েছেন। সিরাজ ও শাহজাহানকে ঝালকাঠি জেলহাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ২১ জুন এ উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

বানারীপাড়ায় আহত ২

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, ২১ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বানারীপাড়া উপজেলার গাভা-রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩ নম্বর ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য রুহুল আমিন খানের কর্মী-সমর্থকদের ওপর পরাজিত প্রার্থী খসরু মল্লিকের বিরুদ্ধে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় খসরুর দুই সর্মথক আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন।