পরপর দুটি ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল থেকে শূন্য হাতে ফিরতে হয়েছিল নিউজিল্যান্ডকে। যার মধ্যে ২০১৯ বিশ্বকাপের ট্রফি হারানোর স্মৃতি তো বেশ তরতাজা। ইংল্যান্ড থেকে ভগ্ন মনরথে দেশে ফিরেছিল ব্ল্যাক ক্যাপসরা। সেই ইংল্যান্ডের মাটিতেই গতকাল বিশ্ব জয়ের গৌরব অর্জন করল কেন উইলিয়ামসনের দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জিতল নিউজিল্যান্ড।
গতকাল সাউদাম্পটনে ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্ল্যাক ক্যাপসরা। বৃষ্টিতে পণ্ড হতে যাচ্ছিল ফাইনাল। আইসিসি রিজার্ভ ডে রাখায় ষষ্ঠ দিনে এসে ফলাফল আসল। নিউজিল্যান্ডের পেস আক্রমণের তোপে পড়ে প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয় ভারত। জবাবে কিউইরা করেছিল ২৪৯ রান। গতকাল ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৭০ রানে। জয়ের জন্য নিউজিল্যান্ডের টার্গেট দাঁড়ায় ১৩৯ রান, দিনের খেলা বাকি ছিল ৫৩ ওভার।
অধিনায়ক উইলিয়ামসন ও রস টেলরের ব্যাটিং দৃঢ়তায় ৪৫.৫ ওভারেই ২ উইকেটে ১৪০ রান তুলে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। ৪৪ রানে ২ উইকেট পতনের পর ৯৬ রানের জুটি গড়েন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি এনে দেন দেশকে। হাফ সেঞ্চুরি করা উইলিয়ামসন অপরাজিত ৫২, রস টেলর অপরাজিত ৪৭ রান করেন। ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাটেই বিশ্বসেরার স্বীকৃতি পেল নিউজিল্যান্ড।
