নাসির ও অমি ৫ দিনের রিমান্ডে

বোট ক্লাবে ১ ঘণ্টা ৩৭ মিনিট কী করেছিলেন পরীমনি?

আপডেট : ২৪ জুন ২০২১, ০০:৩৫

চিত্রনায়িকা পরীমনি সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে ১ ঘণ্টা ৩৭ মিনিট অবস্থান করেছিলেন। তার দায়েরকৃত মামলার তদন্ত সংশ্লিষ্টরা একাধিক সিসিটিভি ফুটেজের মাধ্যমে ক্লাবে ঐ রাতে ঘটে যাওয়া ঘটনার বিবরণ জানতে পেয়েছেন। যার সঙ্গে এজাহারে উল্লেখিত অভিযোগের সত্যতা পাচ্ছে না পুলিশ। পরীমনি বোট ক্লাবে ৮ জুন রাত ১২টা ২২ মিনিটে প্রবেশ করেন এবং ১টা ৫৯ মিনিটে জিমি তাকে পাঁজাকোলে করে বের করেন। এই সময়ের মধ্যে তাকে জোর করে মদ পান করানোর কোনো প্রমাণ পায়নি পুলিশ। বরং আড্ডা জমিয়ে ফ্যাশন ডিজাইনার জিমি ও বোন বনির সঙ্গে মদ পানের ব্যাপারে তথ্য পেয়েছে ক্লাবের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে। ঐ সময় তুহিন সিদ্দিকী অমিও তাদের সঙ্গে আসরে বসেছিলেন। মামলার তদন্তের প্রয়োজনে বোট ক্লাবে ১ ঘণ্টা ৩৭ মিনিট ধরে পরীমনি কী করেছিলেন—তা তদন্ত করছে পুলিশ। তদন্তের জন্য নাসির উদ্দিন আহমেদ ও তুহিন সিদ্দিক অমিকে গতকাল পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম তাদের গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে মাদক আইনে দায়েরকৃত মামলায় তাদের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

এদিকে পরীমনিকে ধর্ষণচেষ্টা মামলার পরিপ্রেক্ষিতে তার ডিএনএ টেস্ট করার জন্য আদালতে আবেদন করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল বাতেন বলেন, পরীমনি সেলিব্রেটি। মামলায় ধর্ষণের নয়, ধর্ষণচেষ্টার অভিযোগ আনা হয়েছে। সেক্ষেত্রে ডিএনএ টেস্ট ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করার আবেদন করছি। এসব করলেও প্রমাণ পাওয়া যাবে যে কে দোষী।

পরীমনি এই ঘটনায় দোষী সাব্যস্ত হলে চলচ্চিত্রের বেশ কয়েকটি সংগঠনের কাঠগড়ায় পড়বেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, অনেক কিছুই শুনছি। তবে এটা মনে রাখতে হবে পরীমনির মামলা তদন্তাধীন। আমরা এর ফলের দিকে চেয়ে আছি। যদি তিনি দোষী হন, তাহলে সাংগঠনিকভাবে একটা ব্যবস্থা নেওয়া হবে। তবে সেটা শিল্পী সমিতিকে সঙ্গে নিয়ে যৌথভাবে।