রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানের বাগানবাড়ি এলাকার একটি বাড়ি থেকে মারজানা আক্তার মাধুরী (৩১) নামে এক নারী প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মাধুরী একটি বেসরকারি প্রতিষ্ঠানের স্থাপত্য প্রকৌশলী ছিলেন। গতকাল সকালে দক্ষিণ গোড়ান বাগানবাড়ির একটি ভবনের ৪র্থ তলা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। মৃতের স্বামী রাসেল মাহমুদ মুন্সীগঞ্জে একটি বেসরকারি টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মারজানা তার সাত বছরের ছেলে ও বোনের ছেলেকে নিয়ে ঐ বাড়িতে ভাড়া থাকতেন। মারজানার বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার কামারপাড়ায়। তার বাবার নাম আফাজ উদ্দীন হাওলাদার।
মারজানার বোন রুমানা আক্তার বলেন, ১২ বছর আগে রাসেল মাহমুদের সঙ্গে মারজানার বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর থেকেই তাদের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। দুই মাস আগে রাসেল তাকে ঢাকায় রেখে গ্রামে চলে যায়। মারজানার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। গত মঙ্গলবার রাতে আমার ছেলেও ওদের বাসায় ছিল। পরদিন ভোরে আমার ছেলে বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠলে পাশের রুমে মারজানাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে।
দুই জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুরে ও তেজগাঁওয়ে দুই জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকার একটি বাসায় রাব্বি (১৮) নামে এক যুবক আত্মহত্যা করে।
গতকাল ভোরে তেজগাঁওয়ের কাওরান বাজার ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করা হয়।
