কম সুদে ২৫২০ কোটি টাকার নতুন প্রণোদনা ঘোষণা

আপডেট : ২৪ জুন ২০২১, ০০:৩৬

করোনা ভাইরাস মহামারির ক্ষতি সামলে উঠতে আরেকটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। প্যাকেজটির নাম হচ্ছে, ‘কোভিড-১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্ট (সিইসিআরএফপি)। ২ হাজার ৫২০ কোটি টাকার এ প্যাকেজের অর্থ জোগান দিচ্ছে উন্নয়ন সংস্থা এশীয় অবকাঠামো ও বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)।

এক বছরের বেশি সময়ের মহামারিতে যেসব ছোট ও মাঝারি উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ঘুরে দাঁড়াতে এ তহবিল থেকে ঋণ দেওয়া হবে। তিন বছর মেয়াদের এ ঋণের সুদের হার হবে ৪ শতাংশ। ত্রৈমাসিক ভিত্তিতে (মার্চ, জুন, সেপ্টেম্বর ও ডিসেম্বর) সুদের চার্জ নির্ধারিত হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এ তহবিলের একটি নীতিমালা করেছে। এতে বলা হয়েছে, ৩০ কোটি ডলার বা ২ হাজার ৫২০ কোটি টাকার এই পুনঃঅর্থায়ন তহবিল করোনা ভাইরাস মহামারির ক্ষতি সামলে উঠতে ক্ষুদ্র ও কুটির শিল্প ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হবে।

গত ৩১ মে কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসের প্রকোপ মোকাবিলায় সরকার এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৩০৩ কোটি টাকা প্রণোদনা তহবিল ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয় ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে ২০ হাজার কোটি টাকার মধ্যে এখন পর্যন্ত ১৪ হাজার ৬৫৪ কোটি টাকা বিতরণ করা হয়েছে।