রাজধানীর মুগদা থানা এলাকা থেকে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো—জাদু, রবিন, নয়ন ইসলাম শুভ, হিরা ও রিপন। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত জাদু চাঁন ‘জাদু গ্রুপের’ নেতা। রবিন ও শুভ এ গ্রুপের সদস্য। হিরা ও রিপন ব্যান্ডেজ গ্রুপ নামে আরেকটি কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। এ দুই গ্রুপে ৩২ কিশোর সদস্য রয়েছে বলে জানা গেছে। বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তারা। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স সেন্টারে গতকাল বুধবার বেলা ১১টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।
ডিএমপি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আব্দুল আহাদ সংবাদ সম্মেলনে বলেন, গত মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে ঐ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এরা স্মার্টফোন ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করত। রাস্তায় চলাচলরত নারীদেরকে উত্ত্যক্ত করা, ছিনতাই, মাদক সেবন, মেয়েদের উত্ত্যক্তকরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তারা। এছাড়া তারা প্রায়ই এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টায় দলবদ্ধ হয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে। পুলিশের এই কর্মকর্তা বলেন, কিশোর গ্যাংয়ের ইন্ধনদাতা হিসেবে যদি প্রভাবশালী কেউ, এমনকি রাজনৈতিক দলের নেতাকর্মীদের কেউ জড়িত থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুগদা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
