দশমিনায় আওয়ামী লীগ অফিসে তালা দেওয়ার অভিযোগ

আপডেট : ২৪ জুন ২০২১, ১৪:৫৭

পটুয়াখালীর দশমিনা উপজেলায় প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর (ঘোড়া প্রতীক) সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগ অফিসে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পুলিশ এসে তালা ভেঙে অবমুক্ত করে ভেতরে প্রবেশ করে।

বুধবার উপজেলার বহরমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

জানা যায়, উপজেলার বহরমপুর ইউনিয়নে আদমপুর বাজারে আওয়ামী লীগ অফিসে তালা দেওয়ার অভিযোগ ওঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। নির্বাচন পরবর্তী এলাকা পরিদর্শন শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা অফিসে গিয়ে বুধবার তালা ঝুলানো দেখে দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় সংবাদকর্মীদের খবর দেন। 

এ সময় উপস্থিত জনতার সামনে নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মৃধা অভিযোগ করে বলেন, ‘ঘোড়া প্রতীকের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান সোহগের সমর্থকরা আওয়ামী লীগ অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। এর পূর্বে সোহাগের সমর্থকরা বেলা ১১ টায় অফিসের ভেতরে হারুন হাওলাদার নামে একজনকে মারধর করে। পরে পুলিশ এসে হারুনকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেয়।’ 

তালা দেওয়া হয় আওয়ামী লীগ অফিসে। ছবি: ইত্তেফাক

এদিকে নির্বাচন পরবর্তী চলমান সহিংসতায় আলিপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি ইমাম হোসেনের ছোট ভাই মো. হাবিবের দোকান ভাংচুর করে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে অর্ধশত যুবলীগের নেতাকর্মীরা। 

উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বলেন, ‘নৌকার পক্ষে প্রচারণা ও ভোট দিয়ে যুবলীগের প্রায় অর্ধশত নেতাকর্মী সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এছাড়াও যুবলীগের ৫-৬জন কর্মীকে পিটিয়ে আহত করেছে।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহামুদ লিটন বলেন, ‘আমাদের এমপির (শাহজদা) কাছে বিষয়টি বলেছি। তিনি আলিপুর ও বহরমপুর এই দুইটি ইউনিয়নে জরুরি বর্ধিত সভা ডাকার কথা বলেছে। ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’

ইত্তেফাক/এএএম