১৬ বছর পরও বন্ধ হয়নি চাঁদপুর সেতুর টোল আদায়

আপডেট : ২৪ জুন ২০২১, ১৭:৩১

চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কে যাতায়াতকারী যানবাহন থেকে ডাকাতিয়া নদীর উপর নির্মিত চাঁদপুর সেতুতে টোল আদায় চলছেই। সেতু নির্মাণের ১৬ বছর পরও টোল আদায় বন্ধ না হওয়ায় মানববন্ধন করেছে শ্রমিক-জনতা ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে ফরিদগঞ্জ বাসষ্ট্যান্ডে শ্রমিক-জনতা ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারীর উদ্যোগে ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি হানিফ কাজী ও শাহ-আলমের সার্বিক সহযোগীতায় চালকদের নিয়ে সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

চাঁদপুরের ডাকাতিয়া নদীর উপর একই মাপের তিনটি সেতুর মধ্যে দু’টির টোল আদায় বন্ধ হয়েছে এর আগে। শুধু বন্ধ হয়নি ফরিদগঞ্জ-রায়পুর সড়কের চাঁদপুর অংশে টোল আদায়। জনগন ও চালকদের অভিযোগ টোল আদায়ের ক্ষেত্রে সওজ দ্বৈত নীতি অবলম্বন করেছে। এদিকে টোল আদায় বন্ধ না হওয়ায় এ সড়কে যাতায়াতকারী এ অঞ্চলের জনগন ভোগান্তি থেকে নিস্তার পাচ্ছে না।No description available.
সওজ সূত্রে জানা গেছে, সেতুটি ২০০৫ সনের ১৭ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রতিবছর সওজ কর্তৃপক্ষ সেতু দিয়ে চলাচলকারী যানবাহন থেকে টোল আদায়ের জন্য ইজারা দিয়ে আসছে। অথচ একই সময় নির্মিত চাঁদপুর পুরান বাজার-নতুন বাজার সেতু ও হাজীগঞ্জ- রামগঞ্জ সেতুর টোল আদায় বেশ কয়েক বছর আগেই বন্ধ করা হয়। এ সেতুটি নির্মাণের পর দীর্ঘ ১৬ বছর পেরিয়ে গেলেও অদৃশ্য কারণে বন্ধ হয়নি চাঁদপুর সেতুর টোল। ফলে প্রতিদিন এই সেতু দিয়ে যাতায়াতকারী হাজার হাজার জনগনকে যানবাহনের অতিরিক্ত টোলের বোঝা টানতে হচ্ছে। 

ইত্তেফাক/এসজেড