গাছ কাটার প্রতিবাদ করায় পিওনের মাথা ফাটিয়ে দিলেন মাদরাসার সভাপতি 

আপডেট : ২৪ জুন ২০২১, ১৮:১৫

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি চতুর্থ শ্রেণির কর্মচারীর ইট দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৩ জুন) সকালে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাঁশারা ছিদ্দিকিয়া দাখিল মাদরাসার সভাপতি শহিদুল ইসলাম পাটওয়ারী মাদরাসার সীমানা প্রাচীর নির্মাণের নামে ১২টি গাছ বিক্রি করলেও নোটিশে ২টি গাছ উল্লেখ করে। এ নিয়ে মাদরাসার চতুর্থ শ্রেণির কর্মচারী জাহাঙ্গীর হোসেন (৫০) কথা বলায় মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম পাটওয়ারী ক্ষিপ্ত হয়ে কর্মচারী জাহাঙ্গীর হোসেনকে ইট দিয়ে আঘাত করে মাথা ফাঁটিয়ে দিয়েছেন। গুরুতর আহত কর্মচারী জাহাঙ্গীরকে মাদরাসার শিক্ষক ও স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

আহত চতুর্থ শ্রেণির কর্মচারী জাহাঙ্গীর হোসেন বলেন, মাদরাসার সীমানা প্রাচীর নির্মাণের নামে সভাপতি ১২টি গাছ বিক্রি করে। রেজুলেশনে মাত্র ২টি গাছ উল্লেখ করেন তিনি। আমি এ বিষয়ে কথা বলায় সভাপতি আমায় অকথ্য ভাষায় গালমন্দের পাশাপাশি  ইট দিয়ে আমার মাথায় আঘাত করে। No description available.
সভাপতি শহিদুল ইসলাম পাটওয়ারী বলেন, মাদরাসার ভাউন্ডারি দেয়ালের কাজে এমপির (চাঁদপুর-৪, সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান) মাধ্যমে ১০ লাখ টাকা বরাদ্দ আসে। দেয়াল নির্মাণের স্বার্থে গাছ বিক্রি ও কর্তন করার জন্য কথা বললে পিওন জাহাঙ্গীর তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায় হাতাহাতিতে সে ইটে পড়ে আঘাত পায়। 

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, এ  ঘটনায় পাল্টা-পাল্টি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি জানান, আমাকে আহত কর্মচারী জাহাঙ্গীর বিষয়টি অবহিত করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/এসজেড