ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা জনজাতি বিষয়ক সাংবাদিকতার জন্য সম্মাননা পেয়েছেন ইত্তেফাকের স্টাফ রিপোর্টার রাবেয়া বেগম বেবী। তাকেসহ আরো ছয় সাংবাদিক ও তিন লেখককে একই বিষয়ে সম্মাননা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভলপমেন্ট (আইইডি)। গতকাল আইইডির সমন্বয়ক জ্যোতি চট্টোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে সম্মাননাপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
সম্মাননাপ্রাপ্ত বাকি ছয় গণমাধ্যমকর্মী হলেন-আহমেদ সার্জিন শরীফ (ঢাকা ট্রিবিউন), আরিফুল ইসলাম (মানবকণ্ঠ), আফরিন নাহার (বিডি নিউজ টোয়েন্টিফোরুডটকম), এস এম জুবায়ের (ডিবিসি নিউজ), শামসুজ্জামান শাহীন (বাংলাদেশ প্রতিদিন) ও মিন্টু দেশোয়ারা (ডেইলি স্টার)। সম্মাননাপ্রাপ্ত লেখকরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন, উন্নয়ন কর্মী পল্লব চাকমা ও গবেষক ত্রিমিতা চাকমা।
রাজধানীর ফোক সেন্টারে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান। অতিথি ছিলেন চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক তালাত মামুন, বিশেষজ্ঞ হাসান আলী, জনউদ্যোগের সদস্য সচিব তারিক হোসেন মিঠুলসহ আরো অনেকে। একই অনুষ্ঠানে জনজাতির অধিকার আদায়ের আন্দোলনে অসামান্য অবদান রাখায় প্রবীণ রাজনীতিক পংকজ ভট্টাচার্যকে আজীবন সম্মাননা দেওয়া হয়।
