পটিয়ায় ১৬ কেজি ওজনের কষ্ঠিপাথর জব্দ

আপডেট : ২৪ জুন ২০২১, ২২:০৭

পটিয়া উপজেলার ধলঘাটের উত্তর সমুরা এলাকা থেকে ১৬ কেজি ওজনের কষ্টিপাথরসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব-৭। বৃহস্পতিবার আদালত গ্রেফতারকৃতদের জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে। এর আগে বুধবার বিকালে র্যাব-৭-এর একটি দল উত্তর সমুরা গ্রামের জহির মল্লের ঘরে অভিযান চালায়। র্যাবের অভিযান টের পেয়ে জহির মল্ল পালিয়ে যায়। পরে বসতঘরের নিচতলা থেকে এ দামি কষ্টিপাথরটি উদ্ধার করা হয়। এ সময় জহির মল্লের ভাই গিয়াস উদ্দিনসহ দুই জনকে আটক করে র্যাব।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, র্যাবের অভিযানে ১৬ কেজি ওজনের একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়। ৬০ লাখ টাকা দামের এ কষ্টিপাথরসহ দুই পাচারকারীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে জেলে পাঠানোর নির্দেশ দেয়। জহির মল্লের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগে মামলা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।